• হোম > দেশজুড়ে > চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

  • শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৪০
  • ১৩

---

ইবি রিপোর্ট

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিল থামাতে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অংশগ্রহণকারীরা। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। মিছিলে বাধা দেওয়ার পরপরই পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই তাঁদের আটক করা হয়। পরে রাতেই গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একই সময় পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে।

ওসি আরও জানান, হামলার পরও মিছিলে অংশগ্রহণকারীদের আটক করতে ধাওয়া শুরু করে পুলিশ। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আবদুর রহিম বলেন, হামলায় আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনিও রয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21387 ,   Print Date & Time: Saturday, 7 November 2026, 11:45:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh