• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > তিন দফা বৃদ্ধির পর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমল সোনা

তিন দফা বৃদ্ধির পর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমল সোনা

  • শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৪:১৪
  • ১৩

---

ইবি রিপোর্ট

টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দর কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৭৪১ টাকা। ফলে এ মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। এর আগে সংগঠনটি টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল।

বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। বাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।

এদিকে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই রুপা বিক্রি অব্যাহত থাকবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৮ বার কমানো হয়েছে। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21360 ,   Print Date & Time: Saturday, 7 November 2026, 04:05:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh