• হোম > জাতীয় | বিনোদন > অমিতাভ-সালমানের সহশিল্পী এবার ঢাকাই সিনেমার পর্দায়

অমিতাভ-সালমানের সহশিল্পী এবার ঢাকাই সিনেমার পর্দায়

  • শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৬:১৫
  • ৬

---

ইবি বিনোদন রিপোর্ট

বলিউডের পর্দায় খলনায়কের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন মুকেশ ঋষি। অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে কাজ করে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। এবার হিন্দি সিনেমার পরিচিত এই মুখকে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্রে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছেন এই অভিনেতা।

সিনেমাটিতে মুকেশ ঋষির যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। ছবির দৃশ্যধারণে অংশ নিতে চলতি মাসেই তাঁর বাংলাদেশে আসার কথা রয়েছে। সিনেমাটিতে তাঁর জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য। সেসব দৃশ্যের শুটিংয়েও সরাসরি অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’

এদিকে সিনেমাটির শুটিং কার্যক্রমও এগিয়ে চলছে। প্রথম পর্যায়ের দৃশ্যধারণ ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে যাচ্ছে নির্মাতা দল। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি থাকলেও বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে মুকেশ ঋষির। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা।

বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন মুকেশ। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় দেখা গেছে তাঁকে। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

অন্যদিকে আমির খানের সঙ্গে ‘সারফারোশ’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সেখানে ইন্সপেক্টর সেলিম চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়া ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে বলিউডসহ ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করা মুকেশ ঋষির ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা। ‘নসিব’-এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তাঁর প্রথম উপস্থিতি দেখতে অপেক্ষায় থাকবেন দর্শকেরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21289 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 10:35:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh