• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বোর্ডিং পাস দেখিয়ে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা

বোর্ডিং পাস দেখিয়ে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:১৯
  • ১৭

---

ইবি রিপোর্ট

দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ কর্মসূচি চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার। এতে বলা হয়, ফ্লাইটে ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নেওয়া যাবে। এ কর্মসূচিতে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, শুরু থেকেই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি নতুন সেবা চালুর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বোর্ডিং পাস প্রিভিলেজ কর্মসূচির মাধ্যমে ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা যেন বিশেষ সুবিধা পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাত্রীসেবার মান বাড়াতে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোগ চালু রাখবে নভোএয়ার।

যাত্রীসেবায় নতুন উদ্যোগ

নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকে দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন নতুন সেবা চালু করেছে। এর আগে দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার কর্মসূচি, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি।

নতুন বোর্ডিং পাস প্রিভিলেজ কর্মসূচির মাধ্যমে অংশীদার ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে যাত্রীরা আরও বেশি সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে নভোএয়ার।

বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com থেকে। এ ছাড়া ১৩৬০৩ নম্বরে ফোন করেও তথ্য পাওয়া যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21245 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 01:22:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh