• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:০৩
  • ২২

---

 

বাসস

মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক কর্মসূচি শেষে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি মাজারে গিয়ে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর মাজারে আগমন উপলক্ষে সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটি প্রথম বাগেরহাট সফর এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে প্রথম জিয়ারত। বৃহস্পতিবার মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষ করে তিনি বাগেরহাটে যান।

এর আগে দিনের শুরুতে মোংলায় অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দুই পক্ষের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়টি সামনে আসে।

পরে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বন্দরের উন্নয়নকাজের এই কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21233 ,   Print Date & Time: Thursday, 5 November 2026, 11:59:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh