• হোম > দেশজুড়ে > হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরি

হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরি

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:২৮
  • ২৭

---

 

ইবি রিপোর্ট

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট পরিবহনকারী পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে তেল চুরির ঘটনা উদ্‌ঘাটন করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। একটি সংঘবদ্ধ চক্র গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুরি করা তেল মাটির নিচে তৈরি বিশেষ গোপন ট্যাংকে মজুদ রাখা হতো। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রতনপুর গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে জিটিসিএল।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির কাছ থেকে তেল চুরির বিষয়টি শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। ওই সময় পাইপলাইনের পাশে ৫ থেকে ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তাঁরা। নিরাপত্তাকর্মীরা তাঁদের দিকে এগিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে পাইপলাইনে ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার প্রমাণ পাওয়া যায়।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের (৫০) উপস্থিতি ঘটনাস্থলের আশপাশে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান দুলাল মিয়া।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভ এবং অন্যান্য উপকরণ।

এ ছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশের এলাকা থেকে তেল সংরক্ষণের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়িতে মাটির নিচে তেল রাখার জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে তাঁদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে মোট ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। চুরি হওয়া এই তেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান জানান, বিশেষ সরঞ্জাম ব্যবহার করে পাইপলাইনে ছিদ্র করা হতো। এরপর সুকৌশলে সেখান থেকে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21223 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 10:35:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh