• হোম > দেশজুড়ে > শ্রমিক অসন্তোষ ঘিরে ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষ ঘিরে ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৪২
  • ৩০

---

 

ইবি রিপোর্ট

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চারটি এলাকায় মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির সদস্যরা মিরপুর, সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শিল্পাঞ্চলগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বিজিবির সদস্যদের পাশাপাশি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। ড্রোনের সাহায্যে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া দায়িত্ব পালনের সময় সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং, বডি ওর্ন ক্যামেরার ব্যবহার এবং সাঁজোয়া যান মোতায়েনের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21207 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 10:29:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh