• হোম > জাতীয় | বাংলাদেশ | শিক্ষা > অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর

অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯
  • ৩৭

---

 

ইবি রিপোর্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ২ ও ৩ ডিসেম্বর তাঁদের সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য ২ ও ৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। তাঁদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাঁদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এবারের ফলাফলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। চলতি বছর দেশের ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ২ ও ৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21201 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 01:22:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh