• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > সাত খাতে বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক

সাত খাতে বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:৩০
  • ৩৯

---

 

ইবি রিপোর্ট

অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পরিবহন, জ্বালানি, শিল্প ও লজিস্টিকস খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ। চীনের পক্ষে এতে স্বাক্ষর করেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নেন। পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি ও পরিবেশ খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে অংশীদারত্ব সম্প্রসারণের পথও তৈরি হবে।

এই সমঝোতার মাধ্যমে উল্লিখিত খাতগুলোতে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ানোর সুযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

মোংলায় অবস্থানকালে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21195 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 10:21:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh