![]()
ইবি রিপোর্ট
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার রাজধানী ঢাকায় এ পরীক্ষার প্রিলিমিনারি বা এমসিকিউ অংশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (MCQ Type) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্র শুধু ঢাকা।
পরীক্ষার্থীদের হল, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব নির্দেশনা পাওয়া যাবে।
পরীক্ষার্থীরা বিস্তারিত তথ্যের জন্য পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) অনুসরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।