• হোম > জাতীয় | বাংলাদেশ > নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী

নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী

  • বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৫
  • ১৫

---

 

ইবি রিপোর্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য সৈয়দ আজাদ সুবহানী। বর্তমানে তিনি পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জারি করা আদেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই সদস্যকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া দুই কর্মকর্তাকে তাঁদের বর্তমান পদের দায়িত্ব অবিলম্বে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন পদে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া মালিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বোর্ড পুনর্গঠনের তিন দিনের মাথায় চেয়ারম্যান পদে এই পরিবর্তন আনা হলো। নতুন নিয়োগের ফলে নিম্নতম মজুরি বোর্ডের নেতৃত্বে দায়িত্ব পেলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21152 ,   Print Date & Time: Wednesday, 4 November 2026, 08:58:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh