• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

  • বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:৪৬
  • ১০

---

ইবি রিপোর্ট

বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার অর্থ নিজ দেশে নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলো অনাবাসী বিনিয়োগকারীদের ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি নিতে হবে না। বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগের অর্থ ও লভ্যাংশ প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত দেশের সব অথরাইজড ডিলার (এডি) ব্যাংকের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলো এখন অনাবাসী বা নন-রেসিডেন্ট বিনিয়োগকারীদের অনুকূলে ‘প্রেফারেন্স শেয়ার’ বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ধরনের শেয়ারের বিপরীতে বিনিয়োগের অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশে আনতে হবে।

অগ্রাধিকার শেয়ার মূলত এমন এক ধরনের শেয়ার, যার মালিকরা সাধারণ শেয়ারহোল্ডারদের তুলনায় কিছু বাড়তি সুবিধা ভোগ করেন। কোম্পানি মুনাফা বণ্টন করলে তারা নির্ধারিত হারে সবার আগে লভ্যাংশ পাওয়ার সুযোগ পান। একইভাবে কোম্পানি অবসায়িত হলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে সাধারণত এ ধরনের শেয়ারের মালিকদের ভোটাধিকার থাকে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর ৫ শতাংশের মধ্যে থাকলে কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না।

তবে লভ্যাংশের হার ৫ শতাংশের বেশি হলে আগাম অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে অংশগ্রহণমূলক (পার্টিসিপেটিং) এবং পরিবর্তনযোগ্য (অ্যাডজাস্টেবল) লভ্যাংশের হারও অন্তর্ভুক্ত থাকবে। এ ধরনের লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোকে তাদের মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। আবেদনে প্রস্তাবিত লভ্যাংশের পক্ষে যথাযথ যৌক্তিকতাও তুলে ধরতে হবে।

সার্কুলারে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অগ্রাধিকার শেয়ার ইস্যু করার পর ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট এডি ব্যাংককে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন পাঠাতে হবে।

অন্যদিকে, অগ্রাধিকার শেয়ার রিডেম্পশনের অর্থ বিদেশে পাঠানোর ক্ষেত্রে লেনদেন সম্পন্ন হওয়ার ৩০ দিনের মধ্যে পোস্ট-ফ্যাক্টো প্রতিবেদন জমা দিতে হবে।

এ ছাড়া বিনিয়োগের অর্থ ফেরত পাঠানো এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে ব্যাংক বা চ্যানেলের মাধ্যমে মূল বিনিয়োগের অর্থ দেশে আনা হয়েছিল, লভ্যাংশ ও রিডেম্পশনের অর্থও একই অথরাইজড ডিলার ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে।

নতুন এ নির্দেশনার ফলে বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ এবং অর্জিত লভ্যাংশ নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রক্রিয়াগত জটিলতা কমবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21121 ,   Print Date & Time: Wednesday, 4 November 2026, 08:27:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh