• হোম > জাতীয় | বাংলাদেশ > নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নতুন লক্ষ্য

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নতুন লক্ষ্য

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
  • ২৬

---

ইবি রিপোর্ট

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, নেট মিটারিং সুবিধা বাড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক জাতীয় সংলাপে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জ্বালানি খাতের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলার পাশাপাশি বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

সৌরবিদ্যুতের প্রসার নিয়ে শামা ওবায়েদ বলেন, এ-সংক্রান্ত একটি আইন মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। আগামী সংসদে আইনটি পাস হওয়ার কথা রয়েছে। এটি কার্যকর হলে নেট মিটারিং কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।

এই ব্যবস্থার আওতায় গ্রাহকেরা নিজেদের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন। ফলে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ আরও বাড়বে বলে জানান তিনি।

সরকারি প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসগুলোয় সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ ভবন, সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্লাইমেট উইং খোলা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারের উদ্বেগ ও গুরুত্বের প্রতিফলন এই উদ্যোগ।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ) এবং অন্যান্য বৈশ্বিক ফোরামে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কাজও করছে সরকার। জলবায়ু কূটনীতিকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক আলোচনায় দেশের স্বার্থ রক্ষা এবং কার্যকর ফলাফল অর্জনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম। কিন্তু জলবায়ু সংকটের কারণে দেশটি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বৈশ্বিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের জন্য কার্যকর সিদ্ধান্ত ও ফলাফল নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ বলে জানান শামা ওবায়েদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21059 ,   Print Date & Time: Tuesday, 3 November 2026, 06:25:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh