• হোম > জাতীয় | বাংলাদেশ | রাজধানী > ‘নাশকতা ঠেকাতে’ মিরপুরে অবস্থান যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের

‘নাশকতা ঠেকাতে’ মিরপুরে অবস্থান যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:৫০
  • ১৭

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।

 

ইবি রিপোর্ট

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও পুলিশের সংঘর্ষের পর এলাকায় অবস্থান নিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ‘নাশকতা ঠেকানোর’ কথা বলে তাঁদের স্টাম্প ও লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা গেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিরপুরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। পরে বেলা ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বর এলাকায়ও স্টাম্প হাতে তাঁদের মিছিল করতে দেখা যায়। এ সময় মিছিল থেকে আন্দোলনকারীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পল্লবী থানার সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক দাবি করেন, সরকারকে বেকায়দায় ফেলতেই পোশাকশ্রমিকদের এই আন্দোলন করা হয়েছে। তাঁর ভাষায়, ‘সরকারকে বেকায়দায় ফেলতে এই আন্দোলন করা হয়েছে। এটি একটি পরিকল্পিত আন্দোলন। আন্দোলনকারীদের রুখতে থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।’

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এ ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পরই ‘নাশকতা ঠেকানোর’ কথা উল্লেখ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এলাকায় অবস্থান নেন। তাঁদের হাতে স্টাম্প ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করার ঘটনাটি মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নতুন পরিস্থিতির সৃষ্টি করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21046 ,   Print Date & Time: Tuesday, 3 November 2026, 07:12:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh