• হোম > আন্তর্জাতিক | খেলা > নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ

নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:২৭
  • ৩৩

---

 ইবি স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে এশিয়ার ফুটবলেও। সৌদি আরবে আগামী জানুয়ারিতে শুরু হওয়ার অপেক্ষায় থাকা ২০২৭ এএফসি এশিয়ান কাপের সূচি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের পরিবর্তে টুর্নামেন্টটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্নের কারণে পূর্বনির্ধারিত সময়ে আসর আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এএফসি।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন লজিস্টিক জটিলতা পর্যালোচনা করে টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান কাপের আয়োজক কমিটি। পুনর্নির্ধারিত তারিখগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।

এএফসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অঞ্চলটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি, উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং যাতায়াত বিঘ্নের বিষয় বিবেচনায় নিয়ে এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’

আরেক অংশে সংস্থাটি জানায়, ‘নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টটি স্থগিত করা প্রয়োজন হয়ে পড়েছে।’

এর আগে, প্রায় এক মাস আগেও এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, পূর্বনির্ধারিত সময় অনুসারেই মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে এরপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও বেড়ে যায়।

এই সংঘাতের মধ্যে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের একাধিক স্থাপনা। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও মাত্র ১১ দিনের ব্যবধানে অন্তত ২০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৭ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।

নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্দা নামবে এশিয়ান কাপের। তবে সংশোধিত সূচি কার্যকর হওয়ার জন্য ফিফার অনুমোদন প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21042 ,   Print Date & Time: Tuesday, 3 November 2026, 06:25:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh