![]()
ইবি রিপোর্ট
মোটরসাইকেলের সামনের অংশের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি করেছে সরকার। নতুন সংশোধিত বিধি অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।
এ পরিবর্তন এনে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করা হয়েছে। গত ১ নভেম্বর সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়।
সংশোধিত সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের বিন্যাস নিয়ে নতুন বিধান যুক্ত হয়েছে। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতিতে লেখার পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
সংশোধিত বিধি অনুযায়ী, সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের বিন্যাস নির্ধারণ করতে পারবে বিআরটিএ। পাশাপাশি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা ও হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণের ক্ষমতা পেয়েছে সংস্থাটি।
এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রেও বিশেষ বিধান রাখা হয়েছে। এ ধরনের নম্বরপ্লেটে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের অনুমতি দিতে পারবে বিআরটিএ।
নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের নকশা ও সামনের অংশের গঠন বিবেচনায় নিয়ে নম্বরপ্লেটের আকার, অক্ষর ও চিহ্নের বিন্যাস নির্ধারণের সুযোগ পাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ।