• হোম > আন্তর্জাতিক | বিনোদন > বোমা হামলার হুমকিতে বুলেটপ্রুফ কাচের আড়ালে অমিতাভ বচ্চন

বোমা হামলার হুমকিতে বুলেটপ্রুফ কাচের আড়ালে অমিতাভ বচ্চন

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৩:৩৬
  • ১৭

---

 ইবি বিনোদন ডেস্ক

ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের সাপ্তাহিক সাক্ষাতের রীতিতে এবার যুক্ত হলো বাড়তি নিরাপত্তা। বোমা হামলার হুমকির পর মুম্বাইয়ের নিজ বাসভবন জলসার বাইরে বুলেটপ্রুফ কাচের বিশেষ বেষ্টনীর ভেতর থেকে অনুরাগীদের অভিবাদন জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীদের কড়া পাহারায় অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ।

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের বাড়ি ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিতে অংশ নিতে প্রতি সপ্তাহেই তার বাড়ির সামনে জড়ো হন অনুরাগীরা। গত রোববারও সেই ধারাবাহিকতায় বাইরে আসেন অভিনেতা। তবে এবার স্বাভাবিকভাবে সবার সামনে দাঁড়ানোর পরিবর্তে তাকে দেখা যায় স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের তৈরি একটি বিশেষ বক্সের ভেতরে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অজ্ঞাতপরিচয় একটি ই-মেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর মুম্বাই পুলিশের পরামর্শে তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। এর অংশ হিসেবেই স্থাপন করা হয়েছে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনী।

কাচের ঘরের ভেতর থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান অমিতাভ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। পুরো আয়োজনজুড়ে নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থানে ছিলেন।

একাধিক স্থানে হামলার হুমকি

জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে মেয়রের কার্যালয়, সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা এবং কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

ই-মেইলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এসব হামলা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ বার্তার পর মুম্বাই পুলিশসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এদিকে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছুদিন আগে মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের আরও কয়েকজন শীর্ষ তারকার বাড়ির আশপাশে আগে থেকেই নজরদারি চালিয়েছিল অভিযুক্তরা। অর্থাৎ, হামলার আগে তারকাদের বাসভবন সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল।

এসব ঘটনার পর অমিতাভের বাড়ির চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাসভবনের বাইরে বসানো হয়েছে ব্যারিকেড এবং যুক্ত করা হয়েছে বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণ।

তবে বাড়তি নিরাপত্তা কিংবা হামলার হুমকি—কোনোটিই ভক্তদের সঙ্গে অমিতাভের দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতি রোববারের মতো এবারও অনুরাগীদের সামনে এসেছেন তিনি। শুধু এবার নিরাপত্তার কারণে কাচের বেষ্টনীর ভেতর থেকেই হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিয়েছেন বলিউডের এই মেগাস্টার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21027 ,   Print Date & Time: Wednesday, 4 November 2026, 07:33:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh