• হোম > আন্তর্জাতিক | খেলা > ফাইনালকেও ছাড়িয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা

ফাইনালকেও ছাড়িয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯
  • ২০

---

ইবি স্পোর্টস ডেস্ক

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে টুর্নামেন্টের উত্তাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ পৌঁছেছে নতুন উচ্চতায়। টিকিটের জন্য জমা পড়া আবেদনের সংখ্যায় শুধু অন্য ম্যাচগুলোই নয়, পেছনে পড়েছে বিশ্বকাপের ফাইনালও। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, এখন পর্যন্ত টুর্নামেন্টের টিকিট পেতে ১২ কোটির বেশি আবেদন জমা হয়েছে।

গতকাল নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানায় আইসিসি। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ৫০ ওভারের এই বিশ্ব আসর। ১৪টি দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি স্বাগতিক শহরে।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য এখন পর্যন্ত প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। একই মাঠে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৮০ লাখ দর্শক। অর্থাৎ ফাইনালের তুলনায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি।

টিকিটের জন্য নিবন্ধনের ব্যালট উইন্ডো আগামী ২১ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। ইতিমধ্যে বিশ্বের ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিট পেতে নিবন্ধন করেছেন। পাশাপাশি বিভিন্ন ম্যাচের জন্য সম্পন্ন হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন। এতে বোঝা যাচ্ছে, দর্শকদের আগ্রহ কেবল ভারত-পাকিস্তান কিংবা ফাইনালের মতো আলোচিত ম্যাচে আটকে নেই।

আফ্রিকার মাটিতে সর্বশেষ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ ২৪ বছর পর আবারও মহাদেশটিতে ফিরছে এই প্রতিযোগিতা। টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন করা দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ ছাড়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। এসব ম্যাচের জন্য এখন পর্যন্ত ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা হয়েছে। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো দেখতে আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ দর্শক।

অন্যদিকে জিম্বাবুয়েতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। দেশটির ভিক্টোরিয়া ফলসে নির্মিত নতুন মোসি-ওআ-তুনিয়া স্টেডিয়ামে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও ভারতের ম্যাচ। এই ম্যাচের টিকিটের জন্যই আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। এসব ম্যাচের জন্য টিকিট চেয়ে আবেদন করেছেন ২০ লাখের বেশি দর্শক। এর মধ্যে ৮ অক্টোবরের ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ ঘিরেও রয়েছে ভালো সাড়া। ম্যাচটির টিকিট পেতে প্রায় ৯ লাখ আবেদন জমা পড়েছে।

দর্শকদের টিকিটের জন্য নিবন্ধন করতে এবং পছন্দের ম্যাচ নির্বাচন করতে হবে tickets.cricketworldcup.com ওয়েবসাইটে। আইসিসি জানিয়েছে, নির্ধারিত ব্যালট উইন্ডোর মধ্যে যারা নিবন্ধন করবেন না, তারা এই প্রক্রিয়ায় টিকিট পাওয়ার জন্য বিবেচিত হবেন না।

আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21013 ,   Print Date & Time: Tuesday, 3 November 2026, 06:25:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh