• হোম > জাতীয় | বাংলাদেশ > বাণিজ্য বাধা দূর করে আন্তঃবাণিজ্য বাড়াতে ডি-৮কে আহ্বান

বাণিজ্য বাধা দূর করে আন্তঃবাণিজ্য বাড়াতে ডি-৮কে আহ্বান

  • মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:১১
  • ৩২

ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

 

ইবি রিপোর্ট

ডি-৮ জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করার পাশাপাশি মুক্ত বাণিজ্য ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ জন্য চুক্তি দুটির রূপরেখা চূড়ান্ত করা, পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তুরস্কের ইস্তাম্বুলে গতকাল কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পায়। সদস্য রাষ্ট্রগুলোর বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

এ ক্ষেত্রে শুল্ক সুবিধা সম্প্রসারণ এবং দেশগুলোর মধ্যে বাণিজ্য প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেয় বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো জরুরি। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত করার পাশাপাশি সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চুক্তিগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ডি-৮ জোটের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়টি বৈঠকে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জোটের কাঠামো ও কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার।

ডি-৮কে আরও কার্যকর ও অর্থবহ করতে পুনর্গঠনের পাশাপাশি ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষের পাশাপাশি ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা কমানো, শুল্ক সুবিধা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20990 ,   Print Date & Time: Wednesday, 4 November 2026, 06:26:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh