• হোম > জাতীয় | বাংলাদেশ > পোশাকশিল্পে অস্থিরতার পেছনে কিছু মালিকও জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে কিছু মালিকও জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:২২
  • ২৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

 

ইবি রিপোর্ট

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তাঁর দাবি, বিগত সরকারের সমর্থক একটি পক্ষ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ কর্মকাণ্ডে কয়েকজন শিল্পমালিকও যুক্ত রয়েছেন, যাঁদের কেউ কেউ আগের সরকারের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে চলমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারী শক্তির সমর্থক কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সড়ক ও মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলো, কিছু শিল্পমালিকও এর সঙ্গে জড়িত আছেন। আবার কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এমন কর্মকাণ্ড করছেন, যা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না’।

পোশাকশিল্পের চলমান অস্থিরতায় সংশ্লিষ্ট শিল্পমালিকদের ভূমিকা খতিয়ে দেখতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের কাছে তালিকা চেয়েছে সরকার। বিশেষ করে যেসব মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ করেছেন, তাঁদের নাম দিতে বলা হয়েছে। পাশাপাশি শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরিতে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর পরিচয়ও জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু শিল্পমালিকের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন’।

এসব ব্যক্তির কেউ কেউ সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে ভূমিকা রাখছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের পক্ষে প্রমাণও পাওয়া গেছে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারের কাছে অডিও, ভিডিওসহ বিভিন্ন ঘটনার দৃশ্যভিত্তিক প্রমাণ রয়েছে।

শ্রমিক আন্দোলনের নামে যারা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন কিংবা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে অস্থিরতায় জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোকে শনাক্ত করা এবং উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধের সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের পরিচয় জানার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20968 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 12:40:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh