![]()
ইবি রিপোর্ট
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিস্থিতি উসকে দিয়ে একটি পক্ষ শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
তিনি আরও লেখেন, ‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।’
পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির জানান, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তাঁর মতে, শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এ আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।