• হোম > জাতীয় | বাংলাদেশ | রাজধানী > মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, পাঁচ মামলায় গ্রেপ্তার ৪৮

মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, পাঁচ মামলায় গ্রেপ্তার ৪৮

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:২৯
  • ১৫

---

 

ইবি রিপোর্ট

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে করা এসব মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাগুলোতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

সোমবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতার ঘটনায় পল্লবী থানায় তিনটি, মিরপুর মডেল থানায় একটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক বক্স ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অন্যদিকে, মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।

এ ছাড়া কাফরুল থানায় আরও একটি মামলা হয়েছে। পাঁচটি মামলার প্রতিটিতেই অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

সহিংসতার পরদিন সোমবার সকালেও মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের জমায়েতের চেষ্টা দেখা যায়। সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে রাস্তায় নেমে মিছিল শুরু করেন। পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া দেওয়া হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

একই সময়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। তাঁদের উপস্থিতিতে ওই এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বরের দিকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

সেদিন সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়।

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ টানা দুই দিন ধরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রূপ নেয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই পাঁচটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20954 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 11:40:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh