![]()
ইবি রিপোর্ট
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। এটি ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিনে দেশের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাঁচ দিন পর দিন ও রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সোমবার সকাল ৬টায় এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
৫ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তবে ঘূর্ণিঝড় মুরাসুর কারণে বাংলাদেশে বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।