• হোম > অর্থনীতি | বাংলাদেশ > শ্রমিক আন্দোলনে সহিংসতা, ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছেন

শ্রমিক আন্দোলনে সহিংসতা, ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছেন

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৩:১২
  • ২৯

---

 

ইবি রিপোর্ট

পোশাক কারখানায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় বাংলাদেশের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহ কমছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা নাজমা আক্তার। তাঁর দাবি, ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছেন। এ প্রবণতা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন দেশের পোশাকশ্রমিকেরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাজমা আক্তার বলেন, শ্রমিক আন্দোলনের নামে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নাজমা আক্তারের ভাষ্য, বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলনের নামে বহিরাগত এবং বিভিন্নভাবে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অজুহাতে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধ থাকলে পোশাকশিল্পের পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে শেষ পর্যন্ত শ্রমিকদেরই কর্মসংস্থান সংকটে পড়তে হবে।

শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থেই শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

অযথা সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে অথবা নিয়মতান্ত্রিক উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি।

পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও কথা বলেন নাজমা আক্তার। তাঁর বক্তব্য, এসব প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আনোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার, নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20929 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 10:46:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh