![]()
ইবি রিপোর্ট
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুরের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
এর আগের দিন রোববারও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাকশ্রমিকরা। ওই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাও ঘটে।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, একই দাবিতে সোমবার সকালে গাজীপুরেও বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন।
সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবির ১০ প্লাটুন সদস্য।
মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।