• হোম > জাতীয় | বাংলাদেশ > গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১১:২৬
  • ১৮

---

 

ইবি রিপোর্ট

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা মোকাবিলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন সূত্রে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে ঘিরে সৃষ্ট অসন্তোষ মোকাবিলা এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজনকে আটক করা হয়েছে।

চলমান অস্থিরতার মধ্যে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলার অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের পর শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20907 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 12:45:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh