• হোম > আন্তর্জাতিক | বিদেশ > হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা, দুটি ট্যাংকার বিস্ফোরণের দাবি

হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা, দুটি ট্যাংকার বিস্ফোরণের দাবি

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১১:১২
  • ১৫

---

 

ইবি রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে একটি বাণিজ্যিক জাহাজে। একই দিনে নৌপথটিতে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত বা মেডে পাঠান। তিনি জানান, অন্য একটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসির নৌবাহিনী দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজ দুটি সমুদ্রে পুঁতে রাখা মাইনে আঘাত হানে। এতে ট্যাংকার দুটি বিস্ফোরিত হয় বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

তবে এ ঘটনায় জাহাজ দুটির ক্ষয়ক্ষতি, নাবিকদের অবস্থা কিংবা বিস্ফোরণের বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

হরমুজ প্রণালিতে নতুন ঘটনার আগে শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করেছিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।

হামলার শিকার জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী জাহাজ।

কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে সংস্থাটি জানায়, জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20901 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 11:37:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh