![]()
ইবি রিপোর্ট
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি খালিদ মনসুর জানান, রোববার (১ নভেম্বর) রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি পোস্টের সূত্র ধরে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর ফেসবুকে একটি স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। পোস্টটি সামনে আসার পর সেটির সূত্র ধরে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তবে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা এবং আটকের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।