• হোম > জাতীয় | বাংলাদেশ > ডিসেম্বর ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী

ডিসেম্বর ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:৫৯
  • ২১

---

 

ইবি রিপোর্ট

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর দাবি, শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন কিছু রাজনৈতিক পক্ষ বিভিন্ন সংগঠনের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সরকার এ পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শ্রমমন্ত্রী। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি পর্যালোচনায় এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর ভাষ্য, শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন কিছু রাজনৈতিক পক্ষ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে নানা চক্রান্তে জড়াচ্ছে।

তিনি বলেন, ‘‘আজকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত।

‘‘আমাদের আলোচনা হয়েছে, জনগণের নিরাপত্তা ও স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা এবং যারা এইসব মানে আপনাকে এটা ক্লিয়ার যে সরকারকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক দলে এইসব যারা শ্রমিকের সঙ্গে না তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে আপনারা জানেন ফ্যাসিবাদের সেই আবার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করব।”

শ্রমমন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথাও বলেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আরিফুল হক চৌধুরী বলেন, “উনি বলছেন যে কলকারখানা-শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে জনগণের জানমালের যেন নিরাপত্তা থাকে আমরা সকলে যেন সবাই সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।”

রোববার সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ আলোচনায় পোশাকশ্রমিকদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20892 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 12:45:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh