• হোম > জাতীয় | বাংলাদেশ > পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়ে গেজেট

পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়ে গেজেট

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:৪০
  • ২৯

---

 

ইবি রিপোর্ট

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্যদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে।

বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রমিকদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

গেজেটে নিয়োগ পাওয়া এসব সদস্যকে নিয়ে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20880 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 02:03:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh