• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:৩১
  • ২২

---

 

ইবি রিপোর্ট

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি পর্যালোচনা এবং তা মোকাবিলায় করণীয় ঠিক করতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান অবস্থা, এর পেছনের কারণ এবং এ পরিস্থিতিতে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব মালিকদের প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে বোর্ড গঠনের পাশাপাশি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও সরকারের নির্দেশনা দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20876 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 11:37:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh