![]()
ইবি রিপোর্ট
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের মে মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, বরিশালে ২২৯ জন এবং রাজশাহীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।