![]()
ইবি রিপোর্ট
পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রীর এ নির্দেশনার কথা জানানো হয়। ছবি সংবলিত ওই পোস্টে বলা হয়েছে, শূন্য পাসের হার কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার রয়েছে—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলেছেন মন্ত্রী।
এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। তবে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলসংক্রান্ত নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে পোস্টে আলাদা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, শূন্য বা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।