![]()
ইবি রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানির নতুন দিন ধার্য করেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ পরিস্থিতিতে আসামিপক্ষের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়।
আদালত আবেদনটি মঞ্জুর করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। শুনানির সময় এ মামলায় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়।
নথি সূত্রে জানা গেছে, মামলাটি প্রথমে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করেন।
এর আগে, ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।
দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে আসাদুজ্জামান খান কামাল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেন। অভিযোগ অনুযায়ী, তাঁর অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকা।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন কিংবা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করা হয়েছে।