• হোম > দেশজুড়ে > কক্সবাজারে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে থাকা নিয়ে ডিআইজির সতর্কবার্তা

কক্সবাজারে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে থাকা নিয়ে ডিআইজির সতর্কবার্তা

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:২৮
  • ১৬

---

 

ইবি রিপোর্ট

কক্সবাজার শহরে সন্ধ্যার পর উপযুক্ত কারণ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে অবস্থান করতে দেখলে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। একই সঙ্গে সন্তানদের চলাফেরা, সঙ্গী এবং কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (৩১ অক্টোবর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি।

সভায় আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো স্কুল বা কলেজের শিক্ষার্থীকে উপযুক্ত কারণ ছাড়া বাসার বাইরে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং কী করছে, সেসব বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

অপরাধ প্রতিরোধে পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ডিআইজি। তাঁর ভাষ্য, কোনো এলাকায় কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায় শুধু ওই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে পরিবার, প্রতিবেশী এবং সমাজের অন্য দায়িত্বশীল ব্যক্তিদেরও দায়িত্ব রয়েছে।

বিশেষ করে তরুণদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর নজর রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

নারী নির্যাতন প্রসঙ্গে ডিআইজি বলেন, কোনো এলাকায় কোনো নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হলে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথরের অবকাঠামো কিংবা দালানকোঠার উন্নয়ন বোঝায় না; মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, অপরাধ প্রতিরোধের দায়িত্ব শুধু আইন প্রয়োগকারী সংস্থার নয়। সমাজের প্রতিটি সদস্যকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20796 ,   Print Date & Time: Sunday, 1 November 2026, 10:57:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh