![]()
ইবি রিপোর্ট
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার থেকে দায়িত্ব পালন শুরু করা বিজিবি সদস্যরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। আপাতত পাঁচ প্লাটুন মোতায়েনের কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে এলাকায় পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন থাকার কথা থাকলেও প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে সড়কজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক তাঁদের সঙ্গে যোগ দেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাঁদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয় এবং মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বাহিনীটির সদস্যরা গাজীপুরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।