![]()
ইবি রিপোর্ট
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। তাঁদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দাবি আদায়ে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলার একপর্যায়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় পুলিশ। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার পরও মিরপুর-১০ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবারও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। প্রতিবারই তাঁদের অবরোধ প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল।
শনিবারের কর্মসূচি শেষে বিভিন্ন পোশাক কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে আবারও মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। তাঁদের অবরোধ সরাতে পুলিশের উদ্যোগের পর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।