![]()
ইবি রিপোর্ট
টিকটক ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ান। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।
ওই ঘটনার পর দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
শনিবার বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলেও পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আশুগঞ্জ বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’