• হোম > জাতীয় | বাংলাদেশ > হারুনসহ সাত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

হারুনসহ সাত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৮:০০
  • ১৬

---

 

ইবি রিপোর্ট

পলায়নের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান ও ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদসহ সাত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত হওয়া সাত কর্মকর্তা হলেন—সাবেক ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. তারেক বিন রশিদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) ফারহানা তাসকিন, ডিএমপির সাবেক এসি মো. মনিরুজ্জামান সরকার এবং টাঙ্গাইল নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, পলায়নের অভিযোগে গুরুদণ্ড হিসেবে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বরখাস্তের প্রজ্ঞাপনে তাঁর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তিনি কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে পলায়নের তারিখ থেকেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে একই অভিযোগে সাত কর্মকর্তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20758 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 02:30:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh