• হোম > আন্তর্জাতিক | বিদেশ | মধ্যপ্রাচ্য > শত্রুর হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

শত্রুর হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
  • ১৮

---

 

ইবি আন্তর্জাতিক ডেস্ক

শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হুমকির জবাবে ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ওই বৈঠকে খামেনি বলেন, শত্রুপক্ষের সঙ্গে শক্তিশালী সংঘাত মোকাবিলায় বুদ্ধিদীপ্ত সামরিক প্রস্তুতি গড়ে তোলা প্রয়োজন। তাঁর মতে, সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা অর্জনের অন্যতম শর্ত হলো এ ধরনের প্রস্তুতি।

মোজতবা খামেনি বলেন, শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে তার সমাপ্তির সময় ও শর্ত নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণ।

বৈঠকে ইরানের সামরিক তথ্যব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সামরিক মতবাদ ও কৌশলের ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা আধুনিক করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

খামেনির নির্দেশনার অংশ হিসেবে সামরিক বাহিনীর ‘টার্গেটস ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে দেওয়া নির্দেশনায় সম্ভাব্য শত্রুতা মোকাবিলায় সামরিক প্রস্তুতি, তথ্যব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়গুলোও উঠে আসে। এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন মোজতবা খামেনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20756 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 02:34:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh