![]()
ইবি রিপোর্ট
এইচএসসি ও সমমান পরীক্ষার সাম্প্রতিক ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। ফল প্রকাশের জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দায়ী।
শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় দৈনিক পঞ্চগড় খবর-এর প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফল বের হয়ে এসেছে।’
এবারের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশের কিছু বেশি এবং জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী—এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা সামনে এসেছে।
শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন এনসিপির এই নেতা। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারণে শিক্ষার্থীদের শিক্ষাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতির জন্য শুধু শিক্ষার্থীদের দায়ী না করে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার বর্তমান অবস্থা থেকে উত্তরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সারজিস।
আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত পরীক্ষার ফলাফল নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু ঠিকমতো ইংরেজিতে একটা লাইনও লিখতে পারত না। আমরা ওই ধরনের শিক্ষাব্যবস্থা আর চাই না।’
দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।