• হোম > জাতীয় | বাংলাদেশ | শিক্ষা > এইচএসসিতে উত্তীর্ণ সবাই পাবেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ

এইচএসসিতে উত্তীর্ণ সবাই পাবেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৮
  • ২২

---

 

ইবি রিপোর্ট

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আসনসংকট হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। বিপরীতে পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে উত্তীর্ণ সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের আসনসংখ্যা বিবেচনায় পাস করা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে বলেও জানান তিনি।

তবে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের যোগ্যতা বা মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ভর্তি প্রক্রিয়ায় প্রতিষ্ঠানভেদে যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই তুলনায় চলতি বছর পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

ফলাফলে পাসের হার কম হলেও উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। অর্থাৎ, মোট আসনের তুলনায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা কম।

ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে আসনসংখ্যার বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20740 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 11:36:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh