![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ ও যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন সভাপতি হিসেবে ইয়াহিয়া মির্জা এবং সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলামের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা।
নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের এ সংগঠনের পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্ধারিত হলো।
দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে প্র্যাবের যাত্রা শুরু হয়। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পরপর এ কমিটি গঠন করা হয়।
দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা সংগঠনটির কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানিয়েছেন, আগামী নভেম্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই সভার মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। সম্মেলনে ব্যাংক ও আর্থিক খাতের জনসংযোগ পেশার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্র্যাবের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।