• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজনীতি > গণভোটের রায় না মানার অভিযোগ জামায়াত আমিরের

গণভোটের রায় না মানার অভিযোগ জামায়াত আমিরের

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১৩
  • ১৬

---

ইবি রিপোর্ট

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পথসভা করেছে জোটটি। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের রায় উপেক্ষা করে সরকার দেশে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিলেও সরকার সেই রায় মানছে না। বরং জনগণকে অপমান ও প্রতারণা করা হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার মানুষকে ধোঁকা দেওয়ার পাশাপাশি মিথ্যাচারও করছে। এসব অন্যায় মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নই তাঁদের প্রথম ও প্রধান দাবি। জনগণ পাশে থাকলে সব দাবি আদায় করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’ সাত দফা দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

সাত দফা দাবিতে লংমার্চ

পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা।

এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20704 ,   Print Date & Time: Saturday, 31 October 2026, 10:40:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh