![]()
ইবি রিপোর্ট
সময় থাকতে সতর্ক হয়ে সঠিক পথে চলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, দিন শেষে সরকারের সব কর্মকাণ্ডের দায় প্রধানমন্ত্রীর ওপরই এসে পড়বে।
শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যারা বর্তমানে রয়েছেন, বিপদের সময় তারা সরে যেতে পারেন। তাই সময় থাকতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের প্রশাসনিক ব্যবস্থায় সুশৃঙ্খল নিয়ম ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন এলডিপি চেয়ারম্যান। তাঁর ভাষ্য, কোনো দেশের সঠিক ব্যবস্থা না থাকলে সেই দেশ এগিয়ে যেতে পারে না। ইউরোপ ও আমেরিকার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে ব্যক্তি পরিবর্তন হলেও প্রতিষ্ঠিত ব্যবস্থার কারণে রাষ্ট্রের কার্যক্রম চলতে থাকে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের অভিযোগও করেন অলি আহমেদ। তাঁর দাবি, জেলা অফিস, জেলা পরিষদ, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভার কার্যক্রমে দলীয় প্রভাব বাড়ছে। সরকারি টেন্ডার ও বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগও তোলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, সরকারের ভুল সিদ্ধান্তের দায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ওপরই বর্তাবে। তিনি দাবি করেন, তিনি বারবার সরকারকে সতর্ক করলেও তাঁর পরামর্শ গুরুত্ব পাচ্ছে না।
বিরোধী দলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে রাখতে ভূমিকা রাখা। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি সরকারকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
সরকারের উদ্দেশে অলি আহমেদ বলেন, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করা প্রয়োজন। তাঁর মতে, সঠিক পথে চললে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।