• হোম > দেশজুড়ে | নির্বাচন > ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৬
  • ২২

---

 

ইবি রিপোর্ট

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

ভোট চলাকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনজনকে ভুয়া ভোটার হিসেবে আটক করা হয়েছে। দুপুরে আটক ব্যক্তিরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের ছাত্র মিনহাজ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক। তিনি আসনটির সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।

এ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামীর প্রতীক বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের প্রতীক ডাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

এরপর ২২ আগস্ট সংসদ সচিবালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।

আসনটি শূন্য ঘোষণার পর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। গণনা শেষ হলে উপনির্বাচনের ফল জানা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20646 ,   Print Date & Time: Thursday, 29 October 2026, 02:21:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh