• হোম > জাতীয় | বাংলাদেশ > আইইডিসিআর পরিচালকের সঙ্গে অসদাচরণ, চিকিৎসক জাহিদের সদস্যপদ স্থগিত

আইইডিসিআর পরিচালকের সঙ্গে অসদাচরণ, চিকিৎসক জাহিদের সদস্যপদ স্থগিত

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৭
  • ১৩

---

 

ইবি রিপোর্ট

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

তিনি জানান, আইইডিসিআরের পরিচালকের সঙ্গে চিকিৎসকের অসদাচরণের একটি ভিডিও তাঁদের নজরে এসেছে। ভিডিওটি পর্যালোচনা করে সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে চিকিৎসক জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ড্যাব মহাসচিব বলেন, ‘আমরা অভিযোগের ভিডিওটি দেখেছি। এর ভিত্তিতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। যে চিকিৎসক আইইডিসিআরের পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

ঘটনার ভিডিওতে আরও কয়েকজনকে দেখা যাওয়ায় তাঁদের পরিচয় ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করছে ড্যাব। মহাসচিব জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা ড্যাবের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাঁর ভাষ্য, ভিডিওতে থাকা অন্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কেউ ড্যাবের সদস্য হিসেবে শনাক্ত হলে তাঁর বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠন কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন ডা. জহিরুল ইসলাম শাকিল। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না বা কাউকে প্রশ্রয় দেব না। ড্যাবের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আইইডিসিআরের কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনার পেছনের কারণ জানতে বিস্তারিত অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে ড্যাব। মহাসচিব জানান, বিষয়টি খতিয়ে দেখতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।

তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে চিকিৎসক জাহিদ হাসানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদের মধ্যে ড্যাবের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20556 ,   Print Date & Time: Wednesday, 28 October 2026, 12:59:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh