• হোম > বিনোদন > বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলা, থাকছে বিশেষ কনসার্ট

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলা, থাকছে বিশেষ কনসার্ট

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৫
  • ২১

---

 

ইবি রিপোর্ট

বাংলা গানের শ্রোতাদের কাছে পরিচিত সংগীত আয়োজন ‘কোক স্টুডিও বাংলা’ এবার স্টুডিওর গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, সংগীত পরিবেশনা এবং বিশেষ কনসার্টের সুযোগ নিয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ কর্মসূচি।

২৬ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতার যাত্রা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে এ আয়োজন। প্রতিযোগিতায় ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোট প্রদান ও ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। প্রতিযোগিতা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট অথবা ফ্যান্টা কিনতে হবে। এসব পণ্যের সঙ্গে পাওয়া স্ক্র্যাচ কার্ডে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে সেই কোড ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন।

প্রতিযোগিতায় কোন বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে, তা জানার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। ভোটের ভিত্তিতে সর্বোচ্চ অবস্থানে থাকা তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে। ফলে কনসার্ট আয়োজনের সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এ উদ্যোগ। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে প্ল্যাটফর্মটির যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন।

রেকর্ড করা পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। এরপর ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওটির লিংক জমা দিতে হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, “কোক স্টুডিও বাংলা’ সবসময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই।”

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। এরই মধ্যে ইউটিউবে প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি, ইউটিউবে তাদের গানগুলোর মোট ভিউ ৭৫ কোটি পেরিয়েছে।

নতুন এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেমন নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন, তেমনি ভোটের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট আয়োজনের সম্ভাবনাও তৈরি হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20550 ,   Print Date & Time: Wednesday, 28 October 2026, 11:53:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh