![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে জাপানের শীর্ষ পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাই প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের তৈরি পোশাক খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো উঠে আসে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
জাপানের পক্ষে তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।
বৈঠকে তৈরি পোশাক খাতে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন প্রযুক্তির উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা সম্প্রসারণের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও দুই পক্ষ গুরুত্ব দেয়।