![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের স্টিলশিল্পে আধুনিক উৎপাদন প্রযুক্তি ও পরিবেশবান্ধব শিল্পায়নের উদ্যোগ দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি প্রতিনিধি দল। দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। পরিদর্শনকালে কারখানার পরিবেশ সুরক্ষাবিষয়ক কার্যক্রম এবং স্টিল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
আবুল খায়ের গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার কারখানায় পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিনিধি দলের সদস্যদের আধুনিক উৎপাদন প্রযুক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
জার্মান প্রতিনিধি দলে ড. বারবেল কোফলার ছাড়াও বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারাও প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একেএসএমএল আধুনিক ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি, উন্নত প্রকৌশল এবং উচ্চগতির রিবার রোলিং প্রযুক্তি ব্যবহার করে স্টিল উৎপাদন করে। উচ্চ উৎপাদন সক্ষমতার পাশাপাশি এসব প্রযুক্তির সমন্বয় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের স্টিলশিল্পে প্রযুক্তিগত উৎকর্ষের একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা-সংক্রান্ত একটি রেকর্ডের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি একেএসএমএল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরিদর্শনের সময় প্রতিনিধি দলকে এই অর্জন এবং কারখানার উৎপাদনব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে জানানো হয়।
প্রাকৃতিক সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা নিশ্চিত করতে একেএসএমএল বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ফিউম ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ পানির পরিবর্তে বৃষ্টির পানি পুনর্ব্যবহার।
কারখানার এসব পরিবেশবান্ধব কার্যক্রম ঘুরে দেখেন জার্মান প্রতিমন্ত্রী ড. বারবেল কোফলার। উদ্যোগগুলোর প্রশংসা করেন তিনি। একই সঙ্গে স্টিলশিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের ক্ষমতায়নে একেএসএমএলের নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেন জার্মান এই প্রতিনিধি দলের নেতা।
কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে একেএসএমএলের উৎপাদন প্রযুক্তি, পরিবেশ সুরক্ষা এবং শিল্প খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ সম্পর্কে প্রতিনিধি দলকে ধারণা দেওয়া হয়।